চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান: সিডিএর নতুন সীমানায় রাউজান
বিশেষ প্রতিবেদক: বন্দরনগরী চট্টগ্রামের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলাতে ও পরিকল্পিত নগর বিস্তারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) প্রণীত ‘চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান (২০২৫–২০৫০)’–এর খসড়া চূড়ান্ত করা হয়েছে।
এই ২৫ বছর মেয়াদী মহাপরিকল্পনায় চট্টগ্রাম শহরের পার্শ্ববর্তী রাউজান উপজেলার এক বিশাল অংশ সরাসরি মেট্রোপলিটন সীমানার অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।
সিডিএর প্রস্তাবিত রূপরেখা অনুযায়ী, রাউজান উপজেলার পাহাড়তলী, নোয়াপাড়া, বাগোয়ান, উড়কিরচর, পশ্চিম গুজরা, পূর্ব গুজরা, বিনাজুরী, গহিরা, রাউজান পৌরসভা, রাউজান সদর ইউনিয়ন, কদলপুর, চিকদাইর, ডাবুয়া এবং নোয়াজিশপুর এলাকাকে সম্ভাব্য নতুন মেট্রোপলিটন শহরের অংশ হিসেবে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
পরিকল্পনাবিদদের মতে, এই অন্তর্ভুক্তির ফলে রাউজান কেবল একটি গ্রামীণ বা মফস্বল এলাকা থাকবে না; বরং এটিকে নগরীর অন্যতম প্রধান ‘স্যাটেলাইট টাউন’ বা উপশহর হিসেবে গড়ে তোলা হবে। এর মাধ্যমে মূল শহরের ওপর আবাসন ও বাণিজ্যিক চাপ কমানোর পাশাপাশি রাউজানে উন্নত সড়ক যোগাযোগ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও আধুনিক নাগরিক সুবিধার সুযোগ সৃষ্টি হবে।
প্রস্তাবিত এই মহাপরিকল্পনার ওপর সর্বসাধারণের মতামত ও পরামর্শ গ্রহণের প্রক্রিয়া উন্মুক্ত করেছে সিডিএ। নিজ এলাকার পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে নাগরিকরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে সিডিএর নির্ধারিত পোর্টালে অথবা সরাসরি সিডিএ ভবনের ৪র্থ তলায় গিয়ে তাঁদের লিখিত মতামত বা প্রস্তাবনা জমা দিতে পারবেন।
মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।